করোনা সংক্রমণ থেকে ক্রিকেটারদের বাঁচাতে বিশেষ অ্যাপ

২৭ জুন, ২০২০ ১৬:৫৫  
করোনা আবহে ক্রিকেটারদের শারীরিক অবস্থার খোঁজ রাখতে বিশেষ অ্যাপ চালু করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ‘কোভিড-১৯ ওয়েল বিয়িং অ্যাপ’ নামে বিশেষ অ্যাপ চালু করল বিসিবি। করোনা পরিস্থিতি ক্রিকেটাররা কেমন আছেন? কেউ কী আক্রান্ত হলেন? কী স্বাস্থ্যবিধি মানতে হবে? এই সমস্ত বিষয়ে উত্তর পাওয়া যাবে এই বিশেষ অ্যাপে। এই অ্যাপের মাধ্যমে ক্রিকেটারদের একটি কেন্দ্রীয় সার্ভারে যুক্ত করা হবে। তাদের দেওয়া তথ্য সেই সার্ভারে জমা হবে। তথ্যে কোনও ক্রিকেটারের মধ্যে সংক্রমণের কোনও সম্ভাবনা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বোর্ডের ডাক্তাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার থেকে ক্রিকেটাররা নিজেদের স্বাস্থ্যবিধি জমা দিতে শুরু করেছেন। প্রাথমিকভাবে ৪০ জন ক্রিকেটার এই বিশেষ অ্যাপে নিজেদের স্বাস্থ্য সম্বন্ধে যাবতীয় তথ্য জানিয়েছেন। সেই তথ্য অনুযায়ী দেখা গেছে লাল জোনের আওতাভুক্ত হয়েছেন বাঁহাতি স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও পেস বোলিং অলরাউন্ডার মুহম্মদ সাইফউদ্দিন। তবে বোর্ডের তরফে জানানো হয়েছে, এই দুই ক্রিকেটার কোনভাবেই করোনা আক্রান্ত নন। করোনা রিপোর্টে তেমন কিছু পাওয়া যায়নি। তবে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে।